mbtv24.com: ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। গতকাল ছিল যুদ্ধের ১৬তম দিন, তবে কোনো পক্ষই যুদ্ধবিরতিতে রাজি নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে তিনি আগ্রহী নন। একইভাবে তেহরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ বন্ধে মিশর ও ওমানের মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ৯/১১-এর মতো আরেকটি ঘটনা সাজিয়ে তার দায় তাদের ওপর চাপানোর চেষ্টা করছে। তবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের অবসান দেখা যেতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পশ্চিম ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুপুর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালানো হয়েছে। এদিকে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আবার খারগ দ্বীপে হামলা চালানো হতে পারে। চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল সরকার সামরিক সরঞ্জাম কিনতে ৮২৭ মিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে।
mbtv24.com
তারিখঃ ১৬/০৩/২০২৬

