ডেস্ক রিপোর্ট: শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভ টিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে গৃহীত পদক্ষেপের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে হবে।
রবিবার (১৫ মার্চ) মাউশির এক চিঠিতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয় এবং বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামাজিক আন্দোলন জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া ইভটিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’- এর নামে বিশৃঙ্খলা বন্ধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় উৎসাহিত করতে পরিচালিত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন director.mew@gmail.com ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
এ জন্য আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছকে একত্র করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ থাকবে—অঞ্চলের নাম, আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন না হওয়া প্রতিষ্ঠানের হার (যদি থাকে), তার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।
mbtv24.com
তারিখ : ১৬/০৩/২০২৬

