mbtv24.com: গত বৃহস্পতিবার দুবাইয়ে শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার শেষে ৪ উইকেটে ১৫৪ রান তুলে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল শ্রীলংকা। কিন্তু লংকান ইনিংসে মুস্তাফিজ ও তাসকিন আহমেদের করা শেষ দুই ওভার থেকে ৩ উইকেট হারিয়ে ১৪ রানের বেশি নিতে পারেনি লংকানরা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ করে শ্রীলংকা। ২০ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ।
জবাবে ওপেনার সাইফ ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১ বল বাকী থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রান করে দলকে জয়ের লড়াইয়ে রাখেন সাইফ। মিডল অর্ডারে হৃদয়ের ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের সুবাদে জয়ের পথ সহজ হয় বাংলাদেশের। ম্যাচ শেষে পেসার মুস্তাফিজ ও ওপেনার সাইফ হাসানের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিনই পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্টই সম্ভাবনা থাকবে। তবে হেরে গেলে অবশ্য কোনো আশা থাকবে না। এশিয়া কাপের এক পরিসংখ্যান বাংলাদেশেকে আশার আলো দেখাচ্ছে। এমনিতে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে অনেক এগিয়ে লঙ্কানরা। বৃহস্পতিবারের ম্যাচের আগে এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ মাত্র তিনবার শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে। তবে এই তিনটি জয়ই বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস। কারণ, ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে যতবারই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, ততবারই তারা ফাইনাল খেলেছে। ২০১২ সালে শ্রীলঙ্কাকে হারানোর পর ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালেও ফাইনালে পৌঁছেছিল। আর সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবারের আসরে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে বাংলাদেশ। দেখা যাক, শেষটাও আগের তিন আসরের মতো পুনরাবৃত্তি হয় কি না !
mbtv24.com
তারিখঃ ২২/০৯/২০২৫

