আফগানিস্তানের মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় ৪০০ জন নিহতের দাবী তালেবান সরকারের

Breaking News আন্তর্জাতিক সংবাদ

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলে মাদকাসক্তদের জন্য নির্মিত একটি পুনর্বাসন কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। পাকিস্তানের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে বলে দাবি করা হলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।

গত সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের ৯ নম্বর ডিস্ট্রিক্টের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত। তার মতে, দুই হাজার শয্যার এই হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হামলায় আরো প্রায় ২৫০ জন আহত হয়েছে। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে কাজ করছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আফগান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে একটি পোস্টে লিখেছেন যে পাকিস্তান সামরিক শাসকগোষ্ঠী আবার আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। কাবুলের একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রকে নিশানা করা হয়েছে। এতে অনেক বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।

অন্য এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা ৪০০ হতে পারে এবং হাসপাতালে আগুন লেগে দম বন্ধ হয়ে বা আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া অষ্টম ও নবম জেলাতেও বিমান হামলা চালিয়েছে বলে তালেবান সরকার দাবি করেছে।

এদিকে পাকিস্তান সরকার আফগান সরকারের এই দাবি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দাবি, আফগান তালেবানরা ‘তথ্য বিকৃত করে উপস্থাপন করছে’। ইসলামাবাদ এক্সে একটি পোস্টে জানিয়েছে যে তারা কাবুল ও নানগারহারে সামরিক স্থাপনা এবং ‘সন্ত্রাসী সহায়তা অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে প্রযুক্তিগত সরঞ্জাম ও গোলাবারুদের গুদাম ছিল। তাদের মতে, ‘পাকিস্তানের লক্ষ্যবস্তু নির্ভুল এবং সতর্কতার সঙ্গে নির্বাচিত করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি না হয়।’ পাকিস্তানের অভিযোগ, তালেবানরা আবেগকে কাজে লাগানোর জন্য এই দাবি করছে এবং তারা সীমান্তে সন্ত্রাসকে আড়াল করার চেষ্টা করছে।

গত কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে তীব্র সংঘর্ষ চলছে। গত মাসে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়, যাতে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে বলে তাদের দাবি ছিল। তবে আফগানিস্তান দাবি করে যে এটি তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তান সরকার এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

mbtv24.com

তারিখ: ১৭/০৩/২০২৬ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *