mbtv24.com: খুলনার তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়নের হাড়িখালী গ্রামে শনিবার বেলা ২টায় যৌতুক, বাল্যবিবাহ নিরোধ, মানব পাচার প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও হাড়ীখালী মহিলা উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে স্থানীয় বাসিন্দা মোঃ রাকিবুল হাসানের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক। হাড়ীখালী মহিলা উন্নয়ন সংস্থার পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুনা লায়লা।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক এর কার্যালয়, খুলনার প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরিন সিদ্দিকী, খুলনা সদরের মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সাহেলা সুলতানা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানি প্রতিরোধে প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় সমাজের প্রতিটি স্তরে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং সমাজে এসব অপরাধ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তেরখাদা, খুলনা।

