ডেস্ক রিপোর্টঃ খুলনার জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানে জেলা প্রশাসন। তেলের মজুত, সরবরাহ এবং সঠিক মাপ নিশ্চিত করতে জেলার ৩৫টি ফিলিং স্টেশনে নিয়োগ দেওয়া হয়েছে ৩৫ জন ট্যাগ অফিসার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হাই মো. আনাছ স্বাক্ষরিত এক আদেশে এই নিয়োগ দেয়া হয়েছে।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মহানগর এলাকার ১৭টি এবং উপজেলা পর্যায়ের ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসারবৃন্দ দায়িত্ব পালন করবেন। নির্ধারিত স্টেশনে উপস্থিত থেকে তারা তেল সরবরাহ থেকে শুরু করে মজুত ও বিক্রয় কার্যক্রম সরাসরি মনিটর করবেন।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। কঠিন হুঁশিয়ারি দিল ইরান
অফিসারবৃন্দ প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক তেলের মজুত রেকর্ড করবেন।ডিপো থেকে আসা তেলের পরিমাণ যাচাই ও ডিসপেন্সিং মেশিনের মিটার রিডিং পর্যবেক্ষণ ও দিন শেষে বিক্রির হিসাব এবং সমাপনী মজুত পর্যালোচনা করবেন। এছাড়া তারা অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুত ক্ষমতা যাচাই, অনুমোদিত ট্যাংক বা স্থাপনার উপস্থিতি পরীক্ষা এবং ভোক্তা পর্যায়ে অবৈধ বিক্রি রোধের দায়িত্বও পালন করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যাগ অফিসাররা দিনে অন্তত তিনবার স্টকের আপডেট নিশ্চিত করবেন। কোনো স্টেশনে নির্দিষ্ট সময়ে বিক্রি শুরু না হলে বা অনিয়ম ধরা পড়লে প্রথমবার সতর্কতা দেওয়া হবে। দ্বিতীয়বার সরাসরি মোবাইল কোর্ট এবং তৃতীয়বার অপরাধের পুনরাবৃত্তি ঘটলে লাইসেন্স সাময়িক স্থগিতের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসনের আশা, এই স্বচ্ছ মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের জ্বালানি তেলের ভোগান্তি কমবে এবং তেল সরবরাহে কালোবাজারি বা কৃত্রিম সংকট দূর হবে।
mbtv24.com
তারিখঃ ০১-০৪-২০২৬

