ডেস্ক রিপোর্টঃ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়নে পড়ে তিনটি বেসামরিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটে।
বুধবার ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দেশটির প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলেও আকাশে বিস্ফোরণের পর সৃষ্ট ধ্বংসাবশেষ নিচে পড়ে এই ক্ষয়ক্ষতি ঘটায়। কর্তৃপক্ষ আরও জানায়, গত কয়েক দিনের মধ্যে এই ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মালিকানা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর থেকে বেনগুরিয়ন বিমানবন্দরে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে ইসরায়েলি এয়ারলাইনস সীমিত আকারে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এই বিমানবন্দরটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহারেও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই ছিল ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা, যা আকাশেই বিস্ফোরিত হয়ে বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি উড়োজাহাজে ধ্বংসাবশেষের আঘাতে আগুন লেগেছে এবং অন্য দুটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র নিশ্চিত করে বলেন, “ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
mbtv24.com
তারিখঃ ১৯/০৩/২০২৬ইং।

