mbtv24.com: তুমুল ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট, ২০২৪ সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সরকার গঠনের একটি রুপরেখা উপস্থাপন করবে বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার সদস্যরা আর মন্ত্রিসভায় সদস্য হিসেবে থাকতে পারবেন না। এর সাথে তাদেরও পদত্যাগ হয়ে যাবে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদে এমন বিধান রয়েছে।
সোমবার রাতে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। এছাড়া বৈঠকে অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ধারণ এবং সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়।
এদিকে শেখ হাসিনার পতনের পর পরই সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও সাধারণ জনতা রাস্তায় নেমে আনন্দ মিছিল করছেন। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হচ্ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
mbtv24.com
তারিখঃ ০৬/০৮/২০২৪

