ডেস্ক রিপোর্টঃ দীর্ঘ প্রতীক্ষার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঝুলে থাকা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম আগামী রোববার পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের সাথে চলমান সংঘাতের প্রেক্ষিতে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আদালতের পক্ষ থেকে এই ঘোষণা এল।
বৃহস্পতিবার আদালতের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, বিচারব্যবস্থা পুনরায় সচল হওয়ায় এখন থেকে নিয়মিত শুনানি চলবে। রোববার থেকে বুধবারের মধ্যে যেকোনো দিন নেতানিয়াহুকে আদালতে হাজিরা দিতে হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালালে পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই সপ্তাহের চরম উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। গত বুধবার ইসরায়েল থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ায় তেল আবিবসহ বিভিন্ন শহরে স্কুল ও কর্মস্থল স্বাভাবিক হতে শুরু করেছে। গ্রিনিচ মান সময় বুধবার দিবাগত রাত তিনটার পর থেকে কোনো ইরানি হামলার খবর পাওয়া যায়নি।
ইরানী হামলায় পারস্য উপসাগরে ধ্বংস অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫। দাবী ইরানের
তবে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ স্পষ্ট জানিয়েছেন, ইরানের সাথে হওয়া এই চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি সরাসরি বিচারের মুখোমুখি হচ্ছেন। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়, যা তিনি শুরু থেকেই অস্বীকার করে আসছেন। ২০২০ সালে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়া বিভিন্ন রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির কারণে বারবার বিলম্বিত হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই নেতানিয়াহুর সমর্থনে অবস্থান নিয়েছেন। এমনকি নেতানিয়াহুকে সাধারণ ক্ষমা করে দিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। তবে দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুকে দীর্ঘমেয়াদে কারাবাস করতে হতে পারে।
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। কঠিন হুঁশিয়ারি দিল ইরান
mbtv24.com
তারিখঃ ১০-০৪-২০২৬

